ভবিষ্যতের জঠরে বিষবৃক্ষ ৥ সাগর আল হেলাল



ভবিষ্যতের জঠরে বিষবৃক্ষ

৥ সাগর আল হেলাল


একটা বিশুদ্ধ ভাবনা উড়ে উড়ে যাচ্ছিলো

পবিত্র সুখ পাখি যেভাবে আনন্দের ডানা মেলে ধরে;


শিশুটি তখনো বুঝে উঠতে পারে নি 

কী ঘটে গেলো তার সাথে,

বৃন্তচ্যূত নক্ষত্র সবুজ মাটি কামড়ায়

শকুনেরা কামড়ায় মৃতজীব

নরম তাজা মাংসের হিংস্র গন্ধ বাতাস ভারী করে;


আজকের শিশু আগামীর ভবিষ্যৎ

শকুনেরা রোপন করছে জারজ ভবিষ্যতের জঠরে-

আজ খাতা খোলা হলো

চলবে অবিরাম বাঁকির ব্যবসায় আমৃত্যু;


যেই শিশুর শরীর থেকে যায় নি এখনো ভ্রুণের গন্ধ

বিষবৃক্ষ রোপিত হচ্ছে-

তারই নরম, কোমল, মসৃণ সতেজ শরীরে,

দর্শকসারিতে দাঁড়িয়ে দেখতে কি পাওয়া যায়

বিভৎস রক্তাক্ত পৃথিবীর ভবিষ্যৎ ...

-

১৬.১০.২০২২


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ