অণুগল্প বাতের বিষ
- সাগর আল হেলাল
শেফালীর চোখ দুটো জবা আর ঠোঁট দুটো করবী। রমজানকে যেনো আজ সে আস্ত রাখবে না। শেফালীকে দেখলেই তার বাতের ব্যথা বেড়ে যায়। বাত নামানো বাহানা, শেফালীর চিকনা কোমর, আঁটোসাঁটো দেহ সৌষ্ঠব, আর উন্মত্ত যৌবনের প্রতি রমজানের ভীষণ লোভ। শেফালী এসব বুঝেই খুব একটা ভেঁড়ে না। কিন্তু পেটের দায়, পাড়াতে বেরুতেই হয়। ওদিকে রমজানও নাছোড়, শেফালীর আগমনের পথে সে থাকবেই। সে শেফালীকে রাজী করাতে চায়।
রমজান হঠাৎ অস্ফুট স্বরে বলে ওঠে- আর পারত্যাছি না।
- এতো গজরানি, পারবি না ক্যান ?
- ভুল হই গেছে, একটু দয়া কর !
- দয়া ! যা, আমার কাম শেষ।
চিকনা কোমর দুলিয়ে হাসতে হাসতে বিদায় নেয় শেফালী। রমজানের বাতের বিষ আরও বেড়ে যায়। বৈঠকখানা থেকে সে বাড়ির ভিতরে যায় বেদেনীর খোঁজে।
-
২৯.০৯.২০২২

0 মন্তব্যসমূহ